রূপগঞ্জে চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, ৩৪ ভরি স্বর্ণ ১১৪ রুপা উদ্ধার ॥
রূপগঞ্জ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটে একটি স্বর্ণের দোকানে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা চুরি হওয়ার ঘটনায় আন্ত:জেলা স্বর্ণচোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণচোর চক্রের ছয় সদস্য গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া ৩৪ ভরি স্বর্ণ ও ১১৪ ভরি রুপা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চট্রগ্রামের পুটিয়া এলাকার জসিম উদ্দিন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকার আব্দুল মজিদ, ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকার জামাল উদ্দিন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকার রিয়াজ ওরফে সুমন, আলাউদ্দিন, কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার সজল মিয়া।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, গত ২৬ মার্চ রোববার রাতে গাউছিয়া মার্কেটের কারুকা জুয়েলার্স নামে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রায় ৩’শ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দাবি করেন কারুকা জুয়েলার্সের মালিক তাপস দাস। চুরির ঘটনাটির ব্যপারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক (ওসি) মাহমুদুল ইসলামসহ একদল পুলিশ দীর্ঘ তিন মাস বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে স্বর্ণচোর চক্রটির সন্ধান পেয়ে রামপুরা ও বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ওই ছয় জনকে গ্রেফতার করা হয় এ সময় ৩৪ ভরি স্বর্ণ ও ১১৪ ভরি রুপা উদ্ধার করা হয়। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আন্ত:জেলা স্বর্ণচোর চক্রের সদস্যরা রাজধানীর রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের চুরির ঘটনা ঘটিয়ে থাকে। কারুকা জুয়েলার্সে চুরি হওয়া বাকি স্বর্ণ-রুপা উদ্ধার ও চোরচক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
