আওয়ামী লীগে ফার্মের মুরগি ঢুকেছে :সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ঢাকা: আওয়ামী লীগে ফার্মের মুরগি ঢুকেছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আওয়ামী লীগে ফার্মের মুরগি ঢুকেছে। ফার্মের মুরগির কারণে দেশি মুরগি কোণঠাসা হয়ে পড়েছে। দেশি মুরগি দরকার, ফার্মের মুরগি নয়।”
সোমবার দুপুরে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, “ফার্মের মুরগি স্বাস্থ্যের জন্য ভালো নয়। চারদিকে আতি নেতা, পাতি নেতায় ভরে গেছে। তবে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্ম করা চলবে না। তাহলে কাউকে ক্ষমা করা হবে না। দেশ বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলে ১৭ এপ্রিল পালন করে না। অবশ্য তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে কি না, সেটাই সন্দেহ।”
জনসভায় স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি ইস্যু তৈরির কারখানা। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই।”
মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের এসব বলেন ওবায়দুল কাদের।
তিস্তা চুক্তি যেন না হয়, সে জন্য বিএনপি ভারত সরকারের একজন মন্ত্রী ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছে বলে কিছু গণমাধ্যমের খবর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “এ বিষয়ে কিছু জানি না। তবে শেখ হাসিনা সরকারের আমলে তিস্তা চুক্তি যেন না হয়, সেটা বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য।”
মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আজকের দিনের শপথ সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া।”
