আগামীকাল থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হবে আগামী ৪ নভেম্বর। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। ৪-৮ নভেম্বর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। আগামীকাল থেকে সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে।
এবার বিপিএলের টিকিট পাওয়া যাবে ইউসিবি ব্যাংক, সহজ ডটকম, সূর্য্যমুখী ডটকম ডট বিডি ও গেজেটবাংলা ডটকমে। টিকিট পাওয়া যাবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামের টিকিট বুথেও। এখানে টিকিট দেয়া হবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
টিকিটের দাম শুরু ২০০ টাকা থেকে। টিকিটের দাম যথাক্রমে ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, গ্র্যান্ড হিল এরিয়া ৪০০ টাকা, ক্লাব হাউজ সিট ৫০০ টাকা। লিগ পর্বের ম্যাচগুলোতে ঢাকা এবং চট্টগ্রামেও টিকিটের দাম একইরকম থাকবে।
বিপিএলে এবার অংশ নিবে বড় তারকারা। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককলাম, শহীদ আফ্রিদি, মিসবাহ-উল-হক, রবি বোপারা, সুনিল নারিন, মোহাম্মদ আমির, ডাওয়েন ব্রাভো, সরফরাজ আহমেদ, ড্যারেন স্যামির মতো বড় তারকারা এবার বিপিএল মাতাবেন।
মোট সাতটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিপিএল। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে নতুন দল সিলেট সিক্সার্স। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। লিগ পর্বে প্রতিদিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দুইটায় ও দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
