leadnewsঅপরাধডেমরা

ডেমরায় ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর :আহত ৩

ডেমরা নিউজ: ডেমরায় ব্যবসায়ীক বিরোধের জের ধরে মো. মোক্তার হোসেন (৪৪) নামে এক ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে কতিপয় সন্ত্রাসীরা। এ সময় মোক্তারসহ তার ছোট ভাই মনির (৩৫) ও ছেলে নিশাত সরকারকে (১৮) লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে ব্যবসায়ী মোক্তারের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। একই সঙ্গে মনিরের হাঁটুতে গুরুতর জখম হয় ও নিশাতের শরীরে নীলাফুলা জখম হয়। এ ঘটনায় স্থানীয়রা এগিয়ে আসার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ভুক্তভোগীদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গত ৯ জুন শুক্রবার দিনগত রাতে কোনাপাড়া শাহজালাল রোডস্থ ওই ব্যবসায়ীর বাড়ির নিচে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গত রোববার রাতে (১১ জুন) ভুক্তভোগী মোক্তার হোসেন অভিযুক্ত মোহাম্মদ মাসুম (৩৫) ও তার সহযোগী এজাহার নামীয় ৪ জনসহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছে। অন্যান্য আসামীরা হলেন- মোঃ শিশির খান (৩২), মো. সাদ্দাম (৩২), মো. তাহের (৩৫) ও পিয়াস (৩২)। অভিযুক্তরা সকলেই কোনাপাড়া শাহজালাল রোড এলাকার অধিবাসী।

জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত মাসুম ও ভুক্তভোগী মুক্তার হোসেন সহ তার ছোট ভাই মনির হোসেন ব্যবসা করে আসছিলেন। গত বেশ কিছুদিন ধরে ধরে তাদের মধ্যে মনোমালিন্য সহ ব্যবসায়িক বিরোধ চলছিল। তারই জের ধরে মাসুম পূর্বপরিকল্পিতভাবে মোক্তার হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।