leadnewsঅপরাধডেমরা

ডেমরায় ইজিবাইক উল্টে ব্যবসায়ীর মৃত্যু

ডেমরা নিউজঃ
ডেমরায় ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে মো. শফিক (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে ডেমরার রানীমহল বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের কোমড়ের নিচে ডান পায়ে ফ্র্যাকচার, মাথায় ও কপালে ক্ষত হয়ে অধিক রক্তক্ষরণ হয়। এদিকে পথচারীরা রক্তাক্ত অবস্থায় শফিককে স্থানীয় আল-রাফি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত শফিক শরিয়তপুরের নড়িয়া থানার আটপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় তার বড় ভাইয়ের সঙ্গে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও ডেমরা পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় মামুন ফুড প্রোডাক্টস্ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন শফিক ও তার ভাই। শুক্রবার তিনি খাদ্যপণ্য বিক্রি করতে ডেমরায় আসেন। এদিকে রানীমহল থেকে ডেমরার ষ্টাফ কোয়ার্টার যাওয়ার জন্য ইজিবাইকে চড়ে বসেন শফিক। পরে চলার পথে ইজিবাইকটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ ঘটনায় মৃতের পরিবারের সদস্যদের দাবীতে বিনা ময়না তদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আবু কাউসার।