leadnewsডেমরা

ডেমরায় পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেফতার ৩

মাহবুব মনিঃ : ডেমরায় পুলিশ পরিচয়ে পথচারীদের কাছ থেকে ছিনতাইয়ের সময় তিনজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি স্বর্ণের চেইন, ১ জোড়া কানের দুল ও নগদ ১৫০০ টাকা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠানো হয়েছে। বুধবার রাতে ডেমরার হাজীনগরস্থ বালুরমাঠ সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ডেমরার পূর্ব হাজী নগরে জনৈক কামালের বাড়ির ভাড়াটিয়া বাগেরহাটের চিতলমারী থানার পাটরপাড়া গ্রামের মৃত আবুল কাশেম তালুকদারের ছেলে মো. রিপন তালুকদার (৩৫), ডেমরার সারুলিয়া ক্যানেলপাড়ের বন্ধুর বাড়ির ভাড়াটিয়া নেত্রকোনার কেন্দুয়া থানার কাওরাট গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. এনাতুল (২৭) ও সারুরিয়া চেয়ারম্যান গলির হাশেম খন্দকারের বাড়ির ভাড়াটিয়া নেত্রকোনার মদন থানার কেশজানি গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে মো. সোহাগ (২১)।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম বলেন, বুধবার রাত সাড়ে ৭ টার দিকে দিকে সোরনারগাঁওয়ের কাচপুরস্থ সিনহা গার্মেন্টের কর্মী মো. ফরহাদ ও তার সহকর্মী মুক্তা আক্তার রিকশাযোগে হাজিনগর যাচ্ছিলেন। এ সময় উক্ত গ্রেফতারকৃতরা পুলিশ পরিচয়ে রিকশার গতিরোধ করে তাদের ভয়ভীতি দেখিয়ে উদ্ধার স্বর্ণ ও টাকা ছিনতাই করে। এ ঘটনায় ভুক্তভোগীদের ডাকচিৎকারে স্থানীয়রাসহ টহল পুলিশ ঘটনাস্থলে এসে রিপন, এনাতুল ও সোহাগকে আটক করে। বুধবার রাতেই এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন ফরহাদ ও মুক্তা। এদের মধ্যে রিপন তালুকদার নিজেকে সাংবাদিক পরিচয়ও দেয়।