leadnewsডেমরা

ডেমরায় ফের ভাইয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু :গ্রেফতার ১

ডেমরা নিউজ: ডেমরায় আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর পর এবার ছোট ভাইয়ের ছুরিকাঘাতে কবির হোসেন (২৪) নামে এক রিকশা চালক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে পূর্ব বক্সনগর দারুন্নাজাত মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। । তিনি ওই এলাকার ভাড়াটিয়া মো. আতাউর রহমানের ছেলে। এ ঘটনায় মৃতের ছোট ভাই খুনি মো. সবুজকে (১৯) গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী, পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, নিজেদের ঘর থেকে ছোট ভাই সবুজের সাড়ে ৭ হাজার টাকা চুরি হয়। এতে সবুজ সে বড় ভাই কবিরকে সন্দেহ করে। মঙ্গলবার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। উত্তেজিত হয়ে একপর্যায়ে সবুজ মেলা থেকে কিনে আনা ধারালে ছুরি দিয়ে কবিরের গলা ও ডান চোখের নিচেসহ মাথার পেছন দিকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় কবিরের ঘাড় ও মাথায় ছুরির আচড় লাগে। এতে মুহুর্তেই কবিরের শরীর থেকে অনেক রক্তক্ষরন হয়। এদিকে কবিরের ডাকচিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক কবির মারা যান। এ সময় ঘটনাস্থল থেকে দ্রুত পালানোর সময় স্থানীয়রা সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নুরে আলম সিদ্দীকি বলেন, এ বিষয়ে বুধবার সকালে মৃতের বাবা আতাউর রহমান তার ছোট ছেলে সবুজের বিরুদ্ধে মামলা করেন। ওই দিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।