ডেমরায় স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে গৃহবধূ আত্মহত্যা
ডেমরায় স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে অভিমানে আছমা বেগম নামে এক গৃহবধূ ফিনাইল পানে আত্মহত্যা করেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, আছমা বেগম এক ছেলে ও এক মেয়ে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামী আবদুল মালেক সাভারে গার্মেন্টে কাজ করেন। আছমা বেগম জানতে পারেন তার স্বামী আবদুল মালেক কিছু দিন আগে তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। তার ছেলে ফারুক হোসেন জানান, তার বাবার দ্বিতীয় বিয়ের খবর শুনে মার মন খারাপ ছিল। শনিবার রাতে মোবাইল ফোনে আছমা বেগম তার স্বামীর সঙ্গে ঝগড়া করেন। এরপর রাতের খাবার না খেয়েই শুয়ে পড়েন। সকালে সবার অগোচরে তিনি ঘরে রাখা ফিনাইল পান করেন। আছমা বেগম শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের সেনের বাজার গ্রামের বাসিন্দা।
