ডেমরায় গৃহবধূকে কুপিয়ে হত্যা : গ্রেফতার ১
মাহবুব মনিঃ ডেমরায় সাথী আক্তার ওরফে রিনা (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকারী মো. খালেদুর রহমান অনিককে (২২) পালানোর সময় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে কোনাপাড়া আদর্শবাগ এলাকার বাবুল খানের বাড়ীতে এ ঘটনা ঘটে। খুনি অনিক ওই বাড়ীর ভাড়াটিয়া কুমিল্লার চান্দিনা থানার সংলগ্ন রহমান ম্যানসন এলাকার মো. আশেকুর রহমানের ছেলে। এদিকে ওই রাতেই খবর পেয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নগরীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। রোববার বেলা ১১ টায় আদালতে পাঠালে আদালত অনিককে জেলে পাঠানোর নির্দেশ দেন। মৃত রিনা ফরিদপুরের নগরকান্দা থানার তালমা কুঞ্জিনগর গ্রামের মো. লিটনের স্বামী। তিনি স্বামীসহ ঢাকার মিরপুর-১২ এলাকায় ভাড়া থাকতেন। এ বিষয়ে রোববার মৃতের মেয়ে মনিরা আক্তার গ্রেফতার অনিকের বিরুদ্ধে খুন করে লাশ গুম করার অপরাধে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, শনিবার সকালে বাসা থেকে মৃত রিনা তার স্বামীর সঙ্গে শপিং করার উদ্যেশ্যে বের হয়ে আর বাসায় ফিরেননি। আটকস্থল ও অনিকের স্বীকারোক্তীতে জানা গেছে ফার্মগেট থেকে অনিক ও রিনা সিএনজিযোগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডেমরায় আসেন। পরবর্তীতে লেনদেন ঘঠিত একটি বিষয়ে নিয়ে অনিকের সাথে রিনার তুমুল বাকবিতন্ডা হয়। এ সময় অনিক তার ঘরে থাকা বটি দিয়ে রিনার গলায় ৩ টি কোপ দিলে ঘটনাস্থলেই রিনার মৃত্যু হয়।
