রূপগঞ্জে দুই ভাইকে কুপিয়ে জখম, মামলা
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনায় শাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় ঘটনা ঘটে। মামলার আসামীরা হলেন, মহিবুর রহমান, হাফিজুল, ফাইজুর রহমান, সাহিদা, খুকি।
ভুক্তভোগী শাহিদুল ইসলাম জানান, একই এলাকার মহিবুর রহমানের সঙ্গে তাদের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে মহিবুর রহমান, হাফিজুল, ফাইজুর রহমান, সাহিদা, খুকিসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে শাহিদুল ইসলামকে রাস্তায় একা পেয়ে রাম দা দিয়ে কুপিয়ে জখম করেন। শাহিদুল ইসলামের ডাক-চিৎকারে চাচাতো ভাই মোতালেব ভুইয়া এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও কুপিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শাহিদুলের পকেট থেকে নগদ ১০ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায় । তবে, এ ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
